ওমান উপসাগরে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর কঠোর নজরদারি ও অবরোধ উপেক্ষা করে এশিয়া প্যাসিফিক অঞ্চলে পৌঁছেছে ইরানের একটি বিশাল তেলবাহী জাহাজ। প্রায় ২২০ মিলিয়ন (২২ কোটি) ডলার মূল্যের অপরিশোধিত তেল নিয়ে জাহাজটি সমুদ্র পাড়ি দিয়েছে।
জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা ট্যাংকার ট্র্যাকার্স ডটকম রোববার (৩ মে) এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।
ট্যাংকার ট্র্যাকার্স ডটকম জানিয়েছে, ন্যাশনাল ইরানিয়ান ট্যাংকার কোম্পানির মালিকানাধীন একটি ভেরি লার্জ ক্রুড ক্যারিয়ার (বিশাল জাহাজ) সফলভাবে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর অবরোধ এড়িয়ে এশিয়া প্যাসিফিক অঞ্চলে পৌঁছেছে। এটি প্রায় ২২০ মিলিয়ন ডলার মূল্যের ১৯ লাখ ব্যারেলেরও বেশি অপরিশোধিত তেল বহন করছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠানটি জাহাজটিকে ‘হিউজ’ তথা প্রচুর পরিমাণে তেল বহনকারী হিসেবে উল্লেখ করেছে। তারা জানিয়েছে, এক সপ্তাহেরও বেশি সময় আগে জাহাজটি সর্বশেষ শ্রীলংকার উপকূলে দেখা গিয়েছিল। বর্তমানে ট্যাংকারটি ইন্দোনেশিয়ার লম্বক প্রণালি হয়ে রিয়াউ দ্বীপপুঞ্জের দিকে অগ্রসর হচ্ছে।