ইরানের দক্ষিণাঞ্চলে যুক্তরাষ্ট্রের নতুন হামলার ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে আবারও বাড়তে শুরু করেছে জ্বালানি তেলের দাম। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হওয়ায় বাজারে অস্থিরতা দেখা দিয়েছে।
মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে বার্তাসংস্থা রয়টার্স জানায়, গত কয়েকদিন ধরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য সমঝোতার আভাসে তেলের বাজারে কিছুটা ইতিবাচক প্রবণতা ছিল। তবে সোমবার যুক্তরাষ্ট্রের নতুন হামলার ঘোষণার পর সেই পরিস্থিতিতে পরিবর্তন আসে।
এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ২ দশমিক ৪ শতাংশ বেড়ে ৯৮ দশমিক ৫০ ডলারে পৌঁছেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম শুক্রবারের তুলনায় ৪ দশমিক ৭ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯২ দশমিক ৪ ডলারে নেমেছে।
বাজার বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি দ্রুত চালু হওয়ার সম্ভাবনা এখনো বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা স্বস্তি ধরে রেখেছে। তবে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়লে জ্বালানি বাজারে আরও অস্থিরতা তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন তারা।
চলতি বছরের এপ্রিলের শেষ দিকে ব্রেন্ট ক্রুডের দাম ১২০ ডলার ছাড়িয়ে গেলেও পরে তা কিছুটা কমে আসে। সাম্প্রতিক পরিস্থিতিতে বাজার আবারও ঊর্ধ্বমুখী হওয়ার ইঙ্গিত দিচ্ছে।