রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন এলাকায় মঙ্গলবার সকালে ভূমিকম্প অনুভূত হয়েছে। বেলা পৌনে ১২টার দিকে অনেক স্থানে কম্পন টের পান স্থানীয়রা।
আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পটি ঘটে বেলা ১১টা ৪১ মিনিটে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৪। এটি স্বল্পমাত্রার ভূমিকম্প হওয়ায় বড় ধরনের আতঙ্কের কিছু নেই বলে জানানো হয়েছে।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ময়মনসিংহের ভালুকা এলাকায়। কম্পনটি তুলনামূলকভাবে দুর্বল হলেও রাজধানীসহ বিভিন্ন এলাকার মানুষ তা অনুভব করেন। হঠাৎ কম্পনে অনেকে কিছু সময়ের জন্য উদ্বিগ্ন হয়ে পড়েন।
বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশ ভূমিকম্পপ্রবণ অঞ্চলের মধ্যে অবস্থিত। তিনটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলে থাকার কারণে দেশে মাঝেমধ্যেই ছোট-বড় ভূমিকম্প হয়ে থাকে। তবে সাম্প্রতিক সময়ে দেশের ভেতরে ভূমিকম্পের উৎপত্তির ঘটনা কিছুটা বেড়েছে বলে তারা মনে করছেন। বিশেষ করে তুলনামূলক কম ঝুঁকিপূর্ণ হিসেবে পরিচিত কিছু অঞ্চলেও কম্পন অনুভূত হওয়ায় বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা হচ্ছে।