ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক জিএস প্রার্থী ও কবি জসীমউদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম বিএনপির তরুণ প্রতিনিধি দলের সদস্য হিসেবে ১০ দিনের চীন সফরে যাচ্ছেন।
ঢাকাস্থ চীনা দূতাবাসের আমন্ত্রণে আগামী ৪ জুন থেকে ১৪ জুন পর্যন্ত এ সফর অনুষ্ঠিত হবে। বিএনপির ২০ সদস্যের প্রতিনিধি দলে যুব, নারী ও ছাত্র প্রতিনিধিরা অংশ নেবেন।
গত ১৪ মে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পাঠানো এক চিঠির মাধ্যমে এ আমন্ত্রণ জানান। সফরকালে প্রতিনিধি দলটি চীনের চংকিং ও সাংহাই সফর করবে।
সফরসূচি অনুযায়ী, প্রতিনিধি দলটি চীনের উন্নয়ন কার্যক্রম, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), নগর পরিকল্পনা, গ্রামীণ পুনরুজ্জীবন ও স্থানীয় শাসনব্যবস্থার বিভিন্ন দিক পর্যবেক্ষণ করবে। এছাড়া চংকিং জেনারেল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিসার্চ ইনস্টিটিউট, সাংহাই এআই ল্যাব, টংজি বিশ্ববিদ্যালয় এবং সাংহাই ইনস্টিটিউটস ফর ইন্টারন্যাশনাল স্টাডিজসহ বিভিন্ন গবেষণা ও নীতিনির্ধারণী প্রতিষ্ঠানে মতবিনিময়ের কথা রয়েছে।
সফরের আন্তর্জাতিক বিমান ভাড়া, আবাসন ও চীনের অভ্যন্তরীণ পরিবহনসহ সব ব্যয় বহন করবে চীনা পক্ষ। প্রতিনিধি দলটির আগামী ১৪ জুন দেশে ফেরার কথা রয়েছে।
প্রতিনিধি দলে যুবদল ও ছাত্রদলের একাধিক নেতা স্থান পেয়েছেন। যুবদল থেকে রয়েছেন ছয়জন এবং ছাত্রদল থেকে রয়েছেন নারী ও পুরুষ মিলিয়ে ১৪ জন প্রতিনিধি।