যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য আলোচনা সামনে রেখে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছে ইরানের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। শুক্রবার (১০ এপ্রিল) এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল।
ইরানি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং পার্লামেন্টের স্পিকার বাঘের ঘালিবাফ। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের।
তবে আলোচনার পরিবেশ এখনো অনিশ্চিত। এর কেন্দ্রে রয়েছে লেবানন ইস্যু। গত বুধবার ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি যুদ্ধবিরতির ঘোষণা এলেও, তার আওতায় লেবানন থাকবে কি না—এ নিয়ে শুরু হয় বিভ্রান্তি।
মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ প্রথমে জানান, যুদ্ধবিরতির শর্তে লেবানন অন্তর্ভুক্ত থাকবে। কিন্তু কয়েক ঘণ্টা পরই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তা নাকচ করে দেন। এরপরই লেবাননে নতুন করে হামলা চালায় ইসরায়েলি বাহিনী, যাতে দুই শতাধিক মানুষ নিহত এবং প্রায় ১ হাজার ২০০ জন আহত হন।
এই প্রেক্ষাপটে ইরান স্পষ্ট করেছে, লেবাননে হামলা বন্ধ না হলে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে না। তবে এখন পর্যন্ত এ শর্তে সাড়া দেয়নি ইসরায়েল, ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
এর মধ্যেই ইসরায়েলি সংবাদমাধ্যম ‘কান’ জানিয়েছে, লেবানন প্রশ্নে অচলাবস্থার কারণে ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্ধারিত সংলাপ আপাতত স্থগিত করেছে ইরান। তেহরান চায় চলমান যুদ্ধবিরতির আওতায় লেবাননকেও অন্তর্ভুক্ত করা হোক।
২৭