টি–টোয়েন্টি বিশ্বকাপ দলে জায়গা না পাওয়ার হতাশা কাটিয়ে নতুন পথ বেছে নিয়েছেন রাসি ভন ডার ডুসেন। দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ এই ব্যাটার খেলবেন বেলজিয়ামের আসন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে। ইউরোপীয় টি–টোয়েন্টি লিগ—ইইউটি-টোয়েন্টি বেলজিয়ামে নাম লিখিয়েছেন তিনি, যা দেশটির ক্রিকেট ইতিহাসে নতুন অধ্যায় হিসেবে দেখা হচ্ছে।
২০২৬ সালে মাঠে গড়াতে যাওয়া এই লিগে ডুসেনই এখন পর্যন্ত সবচেয়ে বড় তারকা। আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপের জন্য দক্ষিণ আফ্রিকার পরিকল্পনায় না থাকায় আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থেকে নিজেকে ব্যস্ত রাখতেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
ইইউটি-টোয়েন্টি বেলজিয়ামের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় ২০২৫ সালের অক্টোবরে। আয়োজকরা জানিয়েছেন, লিগটির প্রথম আসর অনুষ্ঠিত হতে পারে ২০২৬ সালের মে–জুন মাসে। ইউরোপের উদীয়মান ক্রিকেট বাজারকে সামনে রেখে এই লিগ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।
ছয়টি দল নিয়ে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি। অ্যান্টওয়ার্প, ব্রুজ, লুভেন, লিয়েজ, গেন্ট ও ব্রাসেলস—এই ছয় শহরের নামে দল গড়া হবে। লিগটির প্রচার ও উন্নয়নে অ্যাম্বাসাডর হিসেবে যুক্ত হয়েছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ইয়ন মরগান, যা আয়োজনটির গুরুত্ব আরও বাড়িয়েছে।
দক্ষিণ আফ্রিকার হয়ে এক সময় তিন সংস্করণেই নিয়মিত খেলেছেন ডুসেন। তবে সাম্প্রতিক সময়ে জাতীয় দলে তার উপস্থিতি কমেছে। সর্বশেষ ২০২৫ সালের আগস্টে প্রোটিয়াদের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলেন তিনি। জাতীয় দলের বাইরে থাকলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ডুসেনের অভিজ্ঞতা ও ব্যাটিং সামর্থ্য নতুন লিগের জন্য বড় আকর্ষণ হয়ে উঠতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।