ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৬ মৌসুম শুরুর সম্ভাব্য সময়সূচি জানা গেছে। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের ২৬ মার্চ মাঠে গড়াতে পারে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগটি। আর ফাইনাল অনুষ্ঠিত হতে পারে ৩১ মে। ক্রিকেটভিত্তিক ভারতীয় ওয়েবসাইট ক্রিকবাজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এর আগে সোমবার (১৬ ডিসেম্বর) সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির এতিহাদ অ্যারেনায় অনুষ্ঠিত হচ্ছে আইপিএলের মিনি-নিলাম। এবারের নিলামে মোট ৩৬৯ জন ক্রিকেটারকে তালিকাভুক্ত করা হয়েছে। দলপ্রতি সর্বোচ্চ ২৫ জনের স্কোয়াড পূরণের সুযোগ থাকায় নিলাম থেকে সর্বোচ্চ ৭৭ জন ক্রিকেটার দল পেতে পারেন।
নিলাম শেষ হওয়ার পর দলগুলোর হাতে থাকবে প্রায় তিন মাস সময়, যার মধ্যে স্কোয়াড চূড়ান্ত করে টুর্নামেন্টের প্রস্তুতি নেওয়ার সুযোগ পাবে ফ্র্যাঞ্চাইজিগুলো।
চলমান নিলামে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানের দল পাওয়া নিশ্চিত হয়েছে। ২ কোটি রুপি ভিত্তিমূল্যের এই বাঁহাতি পেসারকে দলে নিতে শুরুতে আগ্রহ দেখায় দিল্লি ক্যাপিটালস। পরে চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্সের মধ্যে দর হাঁকাহাঁটি শুরু হয়। শেষ পর্যন্ত ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজকে দলে নেয় কলকাতা।
আইপিএলে এটি মুস্তাফিজুর রহমানের ষষ্ঠ দল। এর আগে তিনি সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন। আসন্ন মৌসুমে প্রথমবারের মতো তাকে কলকাতার জার্সিতে দেখা যাবে।
তবে নিলামে ভাগ্য সহায় হয়নি আরেক বাংলাদেশি পেসার তাসকিন আহমেদের। ৭৫ লাখ রুপি ভিত্তিমূল্যের এই ফাস্ট বোলারের প্রতি কোনো ফ্র্যাঞ্চাইজিই আগ্রহ দেখায়নি। ফলে প্রথম ডাকেই অবিক্রিত থেকে যান তিনি।
এবারের নিলামে থাকা সাত বাংলাদেশি ক্রিকেটারের মধ্যে মুস্তাফিজ ও তাসকিন ছাড়া বাকি পাঁচজনের নামই নিলামের টেবিলে ডাকা হয়নি।