দুবাইয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে দুর্দান্ত এক রান তাড়ার গল্প লিখল বাংলাদেশ। গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে শক্তিশালী আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে ৩ উইকেটে হারিয়ে গুরুত্বপূর্ণ জয় তুলে নেয় আজিজুল হাকিমের নেতৃত্বাধীন জুনিয়র টাইগাররা। ২৮৪ রানের কঠিন লক্ষ্য তাড়া করে ৪৮.৫ ওভারে জয় নিশ্চিত করে বাংলাদেশ।
বড় লক্ষ্য তাড়ায় শুরু থেকেই দলকে পথ দেখান ওপেনার জাওয়াদ আবরার। চাপের ম্যাচে দায়িত্বশীল ও পরিণত ব্যাটিং করে জয়ের ভিত গড়ে দেন তিনি। সেঞ্চুরি থেকে মাত্র চার রান দূরে থেমে গেলেও তার ১১২ বলে করা ৯৬ রানের ইনিংসটাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। ৯টি চার ও ৬টি ছক্কায় সাজানো এই ইনিংসে বাংলাদেশ আত্মবিশ্বাস ফিরে পায়।
জাওয়াদের সঙ্গে দৃঢ় জুটি গড়েন রিফাত বেগ। ৬৮ বলে ৬২ রান করে দলের ইনিংস সচল রাখেন তিনি। এই জুটি ভাঙার পর কিছুটা চাপে পড়ে বাংলাদেশ। তবে অধিনায়ক আজিজুল হাকিম ঠান্ডা মাথায় পরিস্থিতি সামাল দেন। ৪৮ বলে ৪৭ রানের কার্যকর ইনিংস খেলে দলকে জয়ের পথেই রাখেন তিনি।
শেষদিকে কালাম সিদ্দিকির ২৯ রান এবং রিজান হোসেনের ১৩ বলে অপরাজিত ১৭ রানের ক্যামিওতে জয় নিশ্চিত হয়। মাঝপথে দুটি রান আউট ও কয়েকটি দ্রুত উইকেট পড়লেও স্নায়ুচাপ সামলে দায়িত্ব নিয়ে ম্যাচ শেষ করেন রিজান।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে আফগানিস্তান নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে তোলে ২৮৩ রান। ওপেনার খালিদ আহমাদজাই দ্রুত ফিরলেও ফয়সাল শিনোজাদার সেঞ্চুরিতে বড় সংগ্রহ পায় দলটি। তিনি ৯৪ বলে ১০৩ রান করেন, যেখানে ছিল ৮টি চার ও ৪টি ছক্কা। মাঝের ওভারে ওসমানের ৩৪, উজাইরুল্লাহর ৪৪ এবং শেষদিকে আজিজুল্লাহ মিযাখিলের ঝড়ো ৩৮ রান আফগানদের লড়াইয়ে রাখে।
বাংলাদেশের হয়ে বল হাতে ইকবাল হোসাইন ইমন, সামিউন বাসির ও শাহরিয়ার আহমেদ গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নিয়ে রান কিছুটা নিয়ন্ত্রণে রাখেন। শেষ পর্যন্ত ব্যাটারদের দৃঢ়তায় ফয়সাল শিনোজাদার সেঞ্চুরি ম্লান করে দিয়ে জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়ে জুনিয়র টাইগাররা।