দেশের শীর্ষস্থানীয় ৩২টি গণমাধ্যমকে নিয়ে রংপুর রাইডার্স বিএসজেএ মিডিয়া কাপ ২০২৫-এর গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে। রোববার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের ডাচ বাংলা ব্যাংক অডিটোরিয়ামে আয়োজিত এই ড্র অনুষ্ঠানে ‘এফ’ গ্রুপে জায়গা করে নিয়েছে বাংলানিউজ, টি স্পোর্টস, কালের কণ্ঠ ও এটিএন নিউজ।
ড্র অনুযায়ী, টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে দেশের একমাত্র ক্রীড়াভিত্তিক টেলিভিশন চ্যানেল টি স্পোর্টস। তাদের প্রতিপক্ষ জাতীয় দৈনিক কালের কণ্ঠ। ম্যাচটি অনুষ্ঠিত হবে মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে বেলা ১১টায়।
রংপুর রাইডার্স বিএসজেএ মিডিয়া কাপের সব ম্যাচই হবে হকি স্টেডিয়ামের নীল টার্ফে। সোমবার সকাল ৯টা থেকে শুরু হবে প্রতিযোগিতার ম্যাচগুলো। তবে টি স্পোর্টস ও কালের কণ্ঠের লড়াই দিয়েই আনুষ্ঠানিকভাবে পর্দা উঠবে এবারের আসরের, যা পাওয়ার্ড বাই এইস ডেভেলপার্স।
উদ্বোধনী দিনে সকাল ৯টায় প্রথম ম্যাচে মুখোমুখি হবে দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও দৈনিক মানবজমিন। একই সময়ে অন্য মাঠে খেলবে সময় টিভি ও দৈনিক নয়া দিগন্ত। সকাল ১০টায় এটিএন বাংলা খেলবে ক্রিকফ্রেঞ্জির বিপক্ষে, পাশাপাশি জাগো নিউজের প্রতিদ্বন্দ্বী হবে ডিবিসি।
এরপর বেলা ১১টায় টি স্পোর্টস বনাম কালের কণ্ঠ ম্যাচের সঙ্গে সঙ্গে মাঠে নামবে চ্যানেল আই ও দৈনিক কালবেলা। দিনের শেষ সূচিতে দুপুর ১২টায় ডেইলি সান মুখোমুখি হবে দৈনিক দেশ রূপান্তরের, আর ডেইলি স্টার খেলবে দৈনিক কালবেলার বিপক্ষে।