সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
Home স্পোর্টস ট্রাম্পের নিষেধাজ্ঞায় বিশ্বকাপগামী সেনেগাল ও আইভরি কোস্ট

ট্রাম্পের নিষেধাজ্ঞায় বিশ্বকাপগামী সেনেগাল ও আইভরি কোস্ট

২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপের বড় অংশ আয়োজন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। কানাডা ও মেক্সিকোর সঙ্গে যৌথ আয়োজনে ৪৮ দলের এই বিশ্বকাপ শুরু হবে আগামী বছরের জুনে। মাঠে বসে প্রিয় দলের খেলা দেখার প্রস্তুতি নিতে শুরু করেছেন বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীরা। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন ভ্রমণ নীতিতে সেই উৎসবে ছায়া পড়েছে দুটি বিশ্বকাপগামী দেশের ওপর।

মঙ্গলবার নতুন একটি ঘোষণাপত্রে স্বাক্ষর করে ট্রাম্প প্রশাসন সেনেগাল ও আইভরি কোস্টের নাগরিকদের ওপর যুক্তরাষ্ট্রে ভ্রমণে আংশিক নিষেধাজ্ঞা আরোপ করেছে। আফ্রিকান অঞ্চলের বাছাইপর্ব পেরিয়ে ২০২৬ বিশ্বকাপে জায়গা করে নেওয়া এই দুই দেশের সমর্থকদের জন্য এটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

হোয়াইট হাউস এক বিবৃতিতে জানিয়েছে, দুটি দেশের ক্ষেত্রে ‘আংশিক নিষেধাজ্ঞা ও প্রবেশ সীমিতকরণ’ কার্যকর করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট ৩৯টি দেশের ওপর কঠোর ভ্রমণ বিধি জারি করেছে ট্রাম্প প্রশাসন। এর আগে বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে ইরান ও হাইতিও একই ধরনের নিষেধাজ্ঞার মুখে পড়েছিল। নতুন করে সেনেগাল ও আইভরি কোস্ট যুক্ত হওয়ায় তালিকাটি আরও দীর্ঘ হলো।

মার্কিন ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির তথ্য অনুযায়ী, এই নিষেধাজ্ঞার পেছনে অন্যতম কারণ ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও যুক্তরাষ্ট্রে অবস্থান। বিশ্বকাপ দর্শনার্থীদের জন্য প্রয়োজনীয় বি-১ বা বি-২ ভিজিটর ভিসায় অতিরিক্ত সময় অবস্থানের হার সেনেগালের ক্ষেত্রে প্রায় ৪ শতাংশ এবং আইভরি কোস্টের ক্ষেত্রে প্রায় ৮ শতাংশ বলে জানানো হয়েছে। এর ফলে এই দুই দেশের সমর্থকদের একটি বড় অংশ যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় জটিলতার মুখে পড়তে পারেন।

তবে ঘোষণাপত্রে স্পষ্ট করা হয়েছে, ক্রীড়াবিদরা এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবেন। পাশাপাশি কূটনীতিক এবং যাদের যুক্তরাষ্ট্রে প্রবেশ ‘জাতীয় স্বার্থে প্রয়োজন’—তারাও ছাড় পাবেন।

এদিকে বিশ্বকাপ আয়োজন ঘিরে ট্রাম্প প্রশাসন একটি বিশেষ টাস্কফোর্স গঠন করেছে, যার চেয়ারম্যান করা হয়েছে অ্যান্ড্রু জুলিয়ানিকে। ডিসেম্বরের শুরুতে বিশ্বকাপ দর্শনার্থীদের জন্য দ্রুতগতির ভিসা প্রক্রিয়াও চালু করা হয়েছে। ফিফা অনুমোদিত অ্যাপয়েন্টমেন্ট সিডিউলিং সিস্টেমের আওতায় টিকিটধারীরা ভিসা সাক্ষাৎকারে অগ্রাধিকার পাবেন। তবে ভ্রমণ নিষেধাজ্ঞাভুক্ত দেশগুলোর আবেদন এই ব্যবস্থায় কীভাবে বিবেচিত হবে, সে বিষয়ে এখনও কোনো স্পষ্ট নির্দেশনা নেই।

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ আয়োজন ঘিরে এমনিতেই বিতর্ক কম নয়। অভিবাসন নীতির কঠোর প্রয়োগ, টুর্নামেন্ট পরিচালনায় ফিফার ভূমিকা এবং ডাইনামিক প্রাইসিংয়ের মাধ্যমে টিকিটের দাম বাড়ানো—সব মিলিয়ে নানা প্রশ্ন উঠছে।

উল্লেখ্য, ২০২৬ সালের ১১ জুন মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়ামে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে। তার আগে ৩১ মে নর্থ ক্যারোলিনার শার্লটে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র ও সেনেগাল। আসন্ন বিশ্বকাপে আইভরি কোস্ট রয়েছে গ্রুপ ‘ই’-তে, যেখানে তাদের প্রতিপক্ষ জার্মানি, কুরাসাও ও ইকুয়েডর। আর গ্রুপ ‘আই’-তে সেনেগালের প্রতিদ্বন্দ্বী ফ্রান্স, নরওয়ে এবং ইউরোপীয় প্লে-অফ থেকে আসা একটি দল।

Dailynotundesh.com প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

স্পোর্টস এর সর্বশেষ খবর

Leave a Comment

dailynotundesh.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for dailynotundesh.com.

Dailynotundesh.com © ২০২৫ | নিবন্ধন নং- পরীক্ষামূলক।

Copyright ©️ Daily Notun Desh | Design and  Developed by  Hostingbuz

ভারপ্রাপ্ত সম্পাদক : এ বি সিদ্দিক

563 Moghbazar Dhaka-1217

ই-মেইলঃ dailynotundesh@gmail.com