আধুনিক জীবনে ঘরের ভেতর বন্দী সময় যেন দিন দিন বাড়ছেই। অফিস, মোবাইল, ল্যাপটপ—সব মিলিয়ে দিনের বড় একটি অংশ কাটছে স্ক্রিনের সামনে। বাইরে বের হওয়া কমে যাওয়ায় শরীর বঞ্চিত হচ্ছে সূর্যের আলো থেকে। অথচ বিজ্ঞান বলছে, নিয়মিত রোদে সময় কাটানো শুধু শরীর সুস্থ রাখে না, মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটিয়ে দীর্ঘায়ুতেও ভূমিকা রাখে।
সূর্যের আলো শরীরে প্রবেশ করলেই ত্বকের মাধ্যমে তৈরি হয় ভিটামিন ডি। এই ভিটামিন হাড় শক্ত রাখতে অত্যন্ত প্রয়োজনীয়। পাশাপাশি পেশির কার্যক্ষমতা বজায় রাখা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা সক্রিয় করতেও ভিটামিন ডি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর ঘাটতি হলে হাড় ক্ষয়, শারীরিক দুর্বলতা এবং দীর্ঘমেয়াদি নানা রোগের ঝুঁকি বাড়তে পারে।
রোদ হৃদ্যন্ত্রের জন্যও উপকারী। সূর্যের আলো শরীরে নাইট্রিক অক্সাইড নিঃসরণে সহায়তা করে, যা রক্তনালী প্রসারিত করে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। নিয়মিত রোদে সময় কাটালে হৃদ্যন্ত্র সুস্থ থাকার সম্ভাবনাও বাড়ে।
মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রেও সূর্যের আলোর ভূমিকা অনস্বীকার্য। সূর্যালোক মস্তিষ্কে সেরোটোনিন নামের হরমোনের মাত্রা বাড়ায়, যা মন ভালো রাখতে সাহায্য করে। দীর্ঘদিন মন খারাপ, অবসাদ বা মানসিক ক্লান্তি থাকলে তার প্রভাব পড়ে শরীরের ওপরও। ভালো মানসিক স্বাস্থ্য মানুষকে কর্মচঞ্চল রাখে, স্বাস্থ্যকর জীবনযাপনে উৎসাহ দেয় এবং অকাল মৃত্যুর ঝুঁকিও কমায়।
ঘুমের গুণগত মান উন্নত করতেও সূর্যের আলো গুরুত্বপূর্ণ। বিশেষ করে সকালবেলার রোদ শরীরের জৈবঘড়িকে সঠিকভাবে কাজ করতে সহায়তা করে। ফলে রাতে ঘুম হয় গভীর ও প্রশান্ত। পর্যাপ্ত ও ভালো ঘুম না হলে হরমোনের ভারসাম্য নষ্ট হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং নানা দীর্ঘস্থায়ী অসুখের আশঙ্কা বাড়ে।
রোদে সময় কাটানো মানেই শুধু দাঁড়িয়ে থাকা নয়। বাইরে বের হলে হাঁটা, খোলা হাওয়ায় চলাফেরা এবং স্বাভাবিকভাবেই শারীরিক সক্রিয়তা বাড়ে। এতে ওজন নিয়ন্ত্রণে থাকে এবং ডায়াবেটিস, হৃদরোগসহ নানা অসংক্রামক রোগের ঝুঁকি কমে।
তবে একটি বিষয় মনে রাখা জরুরি—রোদ উপকারী হলেও অতিরিক্ত রোদ ক্ষতিকর হতে পারে। দিনের মাঝামাঝি সময় দীর্ঘক্ষণ খোলা রোদে থাকলে ত্বকের ওপর বিরূপ প্রভাব পড়তে পারে। তাই সকাল কিংবা বিকেলের নরম রোদই সবচেয়ে নিরাপদ ও উপযোগী। প্রতিদিন অল্প সময় হলেও নিয়মিত সূর্যের আলো পেলে শরীর ও মন—দুটোই থাকে সুস্থ ও সতেজ।