শীতে ঠোঁট ফাটার সমস্যায় ঘরোয়া সমাধান, নারকেল তেলের সঙ্গে মিশিয়ে নিন এই উপাদানগুলো
শীত এলেই ঠোঁট ফাটার সমস্যা যেন নিত্যসঙ্গী। অনেকেই নিয়ম করে ভ্যাসলিন বা পেট্রোলিয়াম জেলি ব্যবহার করেন, কিন্তু তাতেও সব সময় কাঙ্ক্ষিত নরম ভাব ফিরে আসে না। এমন পরিস্থিতিতে লিপ অয়েল ভালো বিকল্প হলেও বাজারের পণ্যগুলোর দাম তুলনামূলক বেশি। চাইলে ঘরেই থাকা নারকেল তেল দিয়েই সহজে কার্যকর লিপ কেয়ার করা যায়।
বিশেষজ্ঞদের মতে, নারকেল তেল নিজেই ঠোঁটের জন্য উপকারী। তবে এর সঙ্গে কিছু প্রাকৃতিক উপাদান যোগ করলে ফল আরও ভালো পাওয়া যায়।
ভিটামিন ই ও নারকেল তেল
শীতকালে নিয়মিত নারকেল তেল দিয়ে ঠোঁট মালিশ করা উপকারী। রাতে ঘুমাতে যাওয়ার আগে কয়েক ফোঁটা ভিটামিন ই অয়েলের সঙ্গে নারকেল তেল মিশিয়ে ঠোঁটে লাগালে শুষ্কতা কমে। চাইলে ভিটামিন ই ক্যাপসুল ভেঙে তেলের সঙ্গে মিশিয়েও ব্যবহার করা যায়।
নারকেল তেল ও অ্যালোভেরা জেল
এক চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে দুই চামচ নারকেল তেল ভালোভাবে মিশিয়ে কয়েক ঘণ্টা ফ্রিজে রেখে দিন। এই মিশ্রণটি একটি প্রাকৃতিক লিপ বামের মতো কাজ করে। নিয়মিত ব্যবহার করলে ঠোঁট ফাটা কমে, এমনকি কালচে ভাবও হালকা হতে পারে।
শিয়া বাটার ও নারকেল তেল
ঠোঁট এবং তার আশপাশের ত্বকের যত্নে শিয়া বাটার বেশ কার্যকর। এক চামচ শিয়া বাটারের সঙ্গে এক চামচ নারকেল তেল অল্প আঁচে গরম করে গলিয়ে নিন। ঠান্ডা হলে ঠোঁটে মাখুন। কয়েকদিনের মধ্যেই শুষ্ক ঠোঁটে কোমলতা ফিরতে শুরু করবে।
শীতে ঠোঁটের যত্নে বাড়তি খরচ না করে এভাবেই ঘরোয়া উপায়ে প্রাকৃতিক সমাধান বেছে নিতে পারেন।