নিয়মিত হাঁটা শরীর ভালো রাখার সবচেয়ে সহজ অভ্যাসগুলোর একটি। অনেকেই সকালে সময় না পাওয়ায় হাঁটা বাদ দেন। তবে বিশেষজ্ঞদের মতে, দিনের যেকোনো সময়—বিশেষ করে দুপুর বা রাতের ভারী খাবারের পর—শরীরকে একটু নড়াচড়া করালেই মিলতে পারে নানা উপকার।
ভারী খাবারের পর হালকা হাঁটা হজম প্রক্রিয়াকে সক্রিয় করে। এতে বদহজম, গ্যাস বা অ্যাসিডিটির মতো সমস্যা কম অনুভূত হয়। খাবারের পর শরীরে যে ভারি ভাব বা অস্বস্তি তৈরি হয়, হাঁটাচলায় তাও কমে। ছাদ, উঠোন কিংবা ঘরের ভেতর—যেখানেই হোক, কয়েক ধাপ হাঁটলেও উপকার পাওয়া যায়।
ওজন নিয়ন্ত্রণেও কার্যকর এই অভ্যাস। নিয়মিত হাঁটা, বিশেষ করে খাবারের পর অল্প হাঁটাচলা, পেটে অতিরিক্ত মেদ জমতে বাধা দেয়। যাদের রক্তে শর্করা বেশি, তাদের জন্য তো খাবারের পর হাঁটা আরও জরুরি—এটি শর্করা নিয়ন্ত্রণে সহায়ক। একইভাবে হৃদ্স্বাস্থ্যের জন্যও এই ছোট্ট অভ্যাসটি লাভজনক বলে উল্লেখ করেন বিশেষজ্ঞরা।
তবে কিছু সতর্কতা মানা জরুরি। খাবার খেয়েই তড়িঘড়ি হাঁটতে নামলে উল্টো অস্বস্তি বাড়তে পারে। অন্তত ৩০ মিনিট বিশ্রাম নিয়ে হাঁটা শুরু করাই ভালো। হাঁটা হালকা গতির হওয়া উচিত—অতি জোরে হাঁটলে ক্ষতির আশঙ্কা থাকে।