ঢাকার ফুটবলরসিকদের জন্য জমজমাট এক সপ্তাহ অপেক্ষা করছে। ঘরোয়া ফুটবলের সবচেয়ে আলোচিত প্রতিদ্বন্দ্বী—বসুন্ধরা কিংস ও মোহামেডান স্পোর্টিং—পাঁচ দিনের ব্যবধানে দু’বার মাঠে নামছে। সাম্প্রতিক মৌসুমগুলোতে দুই দলের লড়াই শুধু মাঠ নয়, গ্যালারিতেও টানটান উত্তেজনা ছড়িয়েছে। এবারও সেই রোমাঞ্চ ফিরে আসছে টানা দুই ম্যাচে।
প্রথম ম্যাচটি শুক্রবার বাংলাদেশ ফুটবল লিগে বসুন্ধরা কিংস অ্যারেনায়। মৌসুমের শুরুতে পয়েন্ট হারানোর ধাক্কা কাটিয়ে টানা চার জয়ে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে কিংস। অপরদিকে ওঠানামা করা ফর্ম নিয়ে ৭ পয়েন্টে চার নম্বরে মোহামেডান। তালিকার ব্যবধান কমাতে সাদা–কালোদের সামনে গুরুত্বপূর্ণ পরীক্ষা, আর কিংস চাইবে আধিপত্য আরও শক্ত করতে। ম্যাচ শুরু হবে বিকেল সাড়ে পাঁচটায়।
এর পাঁচ দিন পর ফের দেখা হবে দু’দলের, এবার ফেডারেশন কাপে। ‘বি’ গ্রুপে একই ব্র্যাকেটে থাকায় মুখোমুখি লড়াই এড়ানো যায়নি। এখন পর্যন্ত দুই ম্যাচে এক জয় ও এক ড্র নিয়ে শীর্ষে মোহামেডান। এক ম্যাচ খেলেই ফর্টিসের সঙ্গে ১-১ ড্রয়ে রয়েছে কিংস। শুরুতে কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে হওয়ার কথা থাকলেও ম্যাচটি সরিয়ে আনা হয়েছে ঢাকার জাতীয় স্টেডিয়ামে। লড়াই শুরু হবে দুপুর আড়াইটায়, ফ্লাডলাইট ছাড়া দিবালোকে।
দীর্ঘদিন পর ঘরোয়া ফুটবলের ম্যাচ ফিরছে জাতীয় স্টেডিয়ামে—এটিও বাড়তি আকর্ষণ। ২০২১ সালের আগস্টে সংস্কার শুরুর পর ২০২৫ সালের জুনে বাংলাদেশ–ভুটান প্রীতি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবল ফিরে এলেও স্থানীয় কোনো টুর্নামেন্ট হয়নি। কিংস–মোহামেডানের এই ম্যাচ তাই ঘরোয়া ফুটবলের জন্য নতুন এক মাইলফলক।