বলিউডে একের পর এক তারকার বিয়ের খবরে যখন সরগরম ইন্ডাস্ট্রি, ঠিক তখনই নতুন করে আলোচনায় উঠে এলেন শ্রদ্ধা কাপুর। সোনাক্ষী সিনহা ও অদিতি রাও হায়দারির পর এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ‘আশিকি’ খ্যাত এই অভিনেত্রী—এমন গুঞ্জনই শোনা যাচ্ছে বলিপাড়ায়। সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালেই মোদি পরিবারের সদস্য হতে পারেন তিনি।
দীর্ঘদিন ধরেই বলিউডের চিত্রনাট্যকার ও সহকারী পরিচালক রাহুল মোদির সঙ্গে শ্রদ্ধার সম্পর্ক নিয়ে কানাঘুষা চলছিল। কফিশপে আড্ডা, ডিনার ডেট কিংবা আম্বানি পরিবারের উচ্চপ্রোফাইল অনুষ্ঠানে—একাধিকবার দুজনকে একসঙ্গে দেখা গেছে। যদিও সম্পর্কের বিষয়ে প্রকাশ্যে কখনো মুখ খোলেননি শ্রদ্ধা।
তবে সম্প্রতি সামাজিক মাধ্যমে এক অনুরাগীর বিয়ের প্রশ্নের জবাবে শ্রদ্ধার সংক্ষিপ্ত মন্তব্য—‘আমি বিয়ে করছি’—নতুন করে জল্পনায় আগুনে ঘি ঢালে। এর পর থেকেই ভক্তদের মধ্যে শুরু হয় কবে, কোথায় এবং কাকে নিয়ে এই বিয়ে—তা নিয়ে আলোচনা।
শ্রদ্ধার হবু বর হিসেবে যাঁর নাম উঠে আসছে, সেই রাহুল মোদি ক্যামেরার সামনে না থাকলেও বলিউডে পরিচিত মুখ। ‘প্যায়ার কা পঞ্চনামা ২’, ‘সোনু কে টিটু কি সুইটি’ এবং ‘তু ঝুঠি ম্যায় মক্কর’-এর মতো সফল সিনেমার সঙ্গে জড়িত তিনি। চিত্রনাট্যকার ও সহকারী পরিচালক হিসেবে ইন্ডাস্ট্রিতে তার আলাদা পরিচিতি রয়েছে।
বিটাউনের ঘনিষ্ঠ সূত্রগুলোর দাবি, প্রিয়াঙ্কা চোপড়া বা ক্যাটরিনা কাইফের মতো শ্রদ্ধাও রাজস্থানেই বিয়ের আয়োজন করতে যাচ্ছেন। উদয়পুরের একটি ঐতিহ্যবাহী হেরিটেজ প্রাসাদে হবে এই রাজকীয় অনুষ্ঠান। পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে সম্পূর্ণ ঐতিহ্যবাহী রীতিতেই চার হাত এক হওয়ার কথা রয়েছে।
যদিও এখনো পর্যন্ত শ্রদ্ধা কাপুর কিংবা রাহুল মোদির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি, তবে বলিউডের অন্দরমহলে খবর—নেপথ্যে বিয়ের প্রস্তুতি ইতোমধ্যেই শুরু হয়ে গেছে।