বলিউডের নামকরা পরিচালক বিক্রম ভাট জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। রাজস্থান পুলিশের যৌথ অভিযানে বান্দ্রার শ্যালিকার বাড়ি থেকে তাকে আটক করা হয়। তাঁর সঙ্গে এই মামলায় স্ত্রী শ্বেতাম্বরীসহ মোট ছয়জনের নাম যুক্ত রয়েছে।
উদয়পুরের বিখ্যাত আইভিএফ চিকিৎসক ও ইন্দিরা আইভিএফের প্রতিষ্ঠাতা অজয় মুর্দিয়ার অভিযোগ, বিক্রম ভাট ও তার স্ত্রী ৩০ কোটি টাকা আত্মসাত করেছেন। অভিযোগ অনুযায়ী, ড. মুর্দিয়া বিক্রম ভাটের কয়েকটি প্রজেক্টে বিনিয়োগ করেছিলেন, যার মধ্যে ছিলেন ড. মুর্দিয়ার স্ত্রীর বায়োপিক নির্মাণ। কিন্তু চুক্তি অনুযায়ী কোনো কাজও শেষ হয়নি এবং বিপুল অঙ্কের টাকা ফেরত পাননি তিনি।
পুলিশ ইতোমধ্যেই অভিযুক্তদের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করেছিল এবং বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। রাজস্থান পুলিশ জানিয়েছে, বিক্রম ভাটকে উদয়পুরে স্থানান্তরের জন্য বান্দ্রা আদালতে ট্রানজিট রিমান্ডের আবেদন করা হবে।
বলিউডে এই গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বিনোদন মহলে শুরু হয়েছে তোলপাড়।