‘আন্ধার’ সিনেমার শুটিং শেষ করেই নতুন কাজে মন দিচ্ছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। রায়হান রাফীর ছবিটিতে তার সহ-অভিনেত্রী ছিলেন নাজিফা তুষি। এর মধ্যেই সামনে এলো তার পরবর্তী প্রকল্প ‘রাক্ষস’ এবং নতুন নায়িকার খবর।
কয়েকদিন ধরেই ছবিটিকে ঘিরে নানা আলোচনা চলছিল, বিশেষ করে নায়িকা কে হচ্ছেন—তা নিয়ে। শুরুতে দীঘি ও সাবিলা নূরের নাম শোনা গেলেও শেষ পর্যন্ত প্রযোজনা প্রতিষ্ঠানের ঘনিষ্ঠ একটি সূত্র নিশ্চিত করেছে, সিয়ামের সঙ্গে ‘রাক্ষস’-এ অভিনয় করবেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল।
ছবিটি নির্মাণ করছেন মেহেদী হাসান হৃদয়। তার আগের সিনেমা ‘বরবাদ’-এ ইধিকা অভিনয় করেছিলেন শাকিব খানের বিপরীতে। এবার প্রথমবার সিয়াম–ইধিকা জুটি পর্দায় আসছে।
সূত্র জানায়, চলতি মাসেই ঢাকায় শুরু হবে শুটিং। পাশাপাশি শ্রীলঙ্কা ও মালয়েশিয়াতেও চিত্রায়ণের পরিকল্পনা রয়েছে। আন্তর্জাতিক লোকেশন ও আধুনিক অ্যাকশন ব্যবহারের মাধ্যমে বড় পরিসরের একটি ছবি বানানোর লক্ষ্য নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান।
সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী ঈদুল ফিতরে ‘রাক্ষস’ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।