ঢাকা থেকে চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি কোচ লাইনচ্যুত হয়ে অন্তত ৬৬ জন যাত্রী আহত হয়েছেন। বুধবার সকালে বগুড়ার আদমদিঘি উপজেলার বাগমারি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল ৬টা ৪৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে যাওয়া ট্রেনটি সান্তাহার স্টেশন অতিক্রম করে তিলকপুরের দিকে যাচ্ছিল। এ সময় ২৮৬ কিলোমিটার এলাকায় পৌঁছালে হঠাৎ করেই একে একে ৯টি কোচ লাইনচ্যুত হয়।
দুর্ঘটনার পর আহতদের দ্রুত আশপাশের হাসপাতালে নেওয়া হয়। এর মধ্যে নওগাঁ সদর হাসপাতালে ২০ জন চিকিৎসাধীন রয়েছেন। প্রাথমিক চিকিৎসা শেষে ৪০ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। এছাড়া আদমদিঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে আরও ৬ জন বাড়ি ফিরেছেন।
প্রাথমিকভাবে জানা গেছে, দুর্ঘটনার আগে ওই এলাকায় রেললাইনে পরিবর্তনের কাজ চলছিল। প্রকৌশল বিভাগের কর্মীরা ব্যানার ফ্ল্যাগ দেখানো এবং কশান মেসেজ দেওয়ার পাশাপাশি স্টেশন থেকেও সতর্কবার্তা জারি করা হয়েছিল। তবে লোকোমাস্টার সেই নির্দেশনা অনুসরণ না করায় এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত করতে প্রধান পরিবহন কর্মকর্তার নেতৃত্বে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে যন্ত্র প্রকৌশলী, প্রধান প্রকৌশলী ও প্রধান সংকেত প্রকৌশলীকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
৬৬