কুমিল্লার বুড়িচংয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চার সদস্যসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার কালাকচুয়া এলাকায় মিয়ামী হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
ময়নামতি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মমিন জানান, ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি প্রাইভেট কার কালাকচুয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা স্টার লাইন পরিবহনের একটি বাস সেটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।
পরে গুরুতর আহত অবস্থায় গাড়িচালক জামাল হোসেন ও যাত্রী আবরারকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জামালকে মৃত ঘোষণা করেন। আহত আবরার সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
নিহতদের মধ্যে রয়েছেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমাদের বোন ঝর্না বেগম (৪০), তার স্বামী মুফতি আব্দুল মমিন (৫০), মেয়ে লাবিবা (১৮) ও ছেলে সাইফ (৭)। তারা নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার চাতারপাইয়া এলাকার বাসিন্দা। নিহত অপরজন গাড়ির চালক জামাল হোসেন, তার বাড়ি বরিশালে।
দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ। বাসটি জব্দ করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
৫৫