দীর্ঘদিনের গরম বাজারের পর রাজধানীর সবজির দামে কিছুটা স্বস্তি ফিরেছে। শীতের মৌসুম শুরু হওয়ায় সরবরাহ বাড়তে থাকায় কমেছে বেশিরভাগ সবজির দাম। তবে মাছের বাজারে সেই স্বস্তি এখনও দেখা যায়নি। আগের মতোই বাড়তি দামে বিক্রি হচ্ছে প্রায় সব ধরনের মাছ।
শুক্রবার রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, অধিকাংশ সবজি এখন কেজিপ্রতি ৪০ থেকে ৬০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। কয়েকটি সবজির দাম কিছুটা বেশি থাকলেও আগের তুলনায় বাজার পরিস্থিতি অনেকটাই সহনীয়।
আজকের বাজারে মাঝারি আকারের ফুলকপি বিক্রি হচ্ছে ২০ থেকে ৩০ টাকায়, বাঁধাকপি প্রতি পিস ৩০ টাকা, বেগুন কেজি ৬০ টাকা, পেঁপে ৩০ টাকা, ঝিঙ্গা ও শিম কেজি ৫০ টাকা করে। মুলা ও শালগম বিক্রি হচ্ছে কেজি ৪০ টাকায়। লাউ প্রতিপিস ৫০ থেকে ৬০ টাকা, আলু কেজি ২০ টাকা এবং কাঁচা মরিচ কেজি ৮০ টাকায় পাওয়া গেছে। তবে বরবটি ও টমেটোর দাম তুলনামূলক বেশি—কেজি ৮০ টাকা।
সবজির বাজারে স্বস্তি এলেও মাছের দামে পরিবর্তন নেই। তেলাপিয়া আকারভেদে কেজি ২২০ থেকে ২৫০ টাকা, পাঙ্গাস ১৭০ থেকে ২০০ টাকা, কই ২৫০ থেকে ২৮০ টাকা এবং রুই মাছ (মাঝারি) ৩২০ থেকে ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে। চাষের শিং মাছ কেজি ৪০০ থেকে ৪৫০ টাকা, টেংড়া ৫০০ থেকে ৬৫০ টাকা এবং বড় চিংড়ির দাম কেজি ৮০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত উঠেছে।
মাংস ও পোলট্রির বাজারেও বড় কোনো পরিবর্তন নেই। ব্রয়লার মুরগি কেজি ১৭০ থেকে ১৮০ টাকা, সোনালি ২৮০ টাকা, দেশি মুরগি ৬০০ থেকে ৬৫০ টাকা, গরুর মাংস ৭৫০ টাকা এবং খাসির মাংস কেজি ১ হাজার ১০০ টাকায় বিক্রি হচ্ছে।
সাপ্তাহিক ছুটির দিনে রামপুরা বাজারে কেনাকাটা করতে আসা বেসরকারি চাকরিজীবী আব্দুস সাত্তার বলেন, দীর্ঘদিন পর সবজির দামে কিছুটা স্বস্তি মিলেছে। তবে শীতের মৌসুম হিসেবে দাম আরও কমার কথা ছিল। গ্রামের বাজারের সঙ্গে তুলনা করলে ঢাকায় সবজির দাম এখনও বেশি।
মালিবাগ বাজারের ক্রেতা মাসুদুর রহমানের অভিযোগ, মাছের দাম কখনোই কমে না। তিনি বলেন, সাধারণ মানুষের জন্য ভালো মাছ কেনা এখন বিলাসিতা হয়ে গেছে। পাঙ্গাস বা তেলাপিয়া ছাড়া অন্য মাছ কিনতে গেলে বাড়তি খরচ গুনতে হয়।
মাছ বিক্রেতা শহিদুল ইসলাম জানান, মাছের খাবারের দাম বেড়ে যাওয়ায় উৎপাদন খরচও বেড়েছে। সে কারণেই বাজারে মাছের দাম কমানো যাচ্ছে না।
অন্যদিকে মগবাজারের সবজি বিক্রেতা আফজাল খন্দকার বলেন, শীতের কারণে বাজারে এখন সবজির সরবরাহ ভালো। তবে আগের দফায় বৃষ্টিতে অনেক ফসল ক্ষতিগ্রস্ত না হলে দাম আরও কম হতে পারত।