দলের নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি বা মাদকের সঙ্গে জড়ালে ছাড় দেওয়া হবে না—এমন কড়া হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন। তিনি বলেছেন, এমন অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ‘ডাবল অ্যাকশন’ নেওয়া হবে।
বুধবার দুপুরে নরসিংদী সদর উপজেলা সম্মেলন কক্ষে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় তিনি জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
খোকন বলেন, চাঁদাবাজি ও মাদক নিয়ে বিএনপির অবস্থান ‘জিরো টলারেন্স’। রাজনৈতিক পরিচয় নয়, অপরাধই এখানে বিবেচ্য হবে। কেউ যদি দলের নাম ব্যবহার করে বেআইনি কর্মকাণ্ডে জড়ায়, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও স্পষ্ট করেন তিনি।
দলের রাজনৈতিক অবস্থান তুলে ধরে তিনি বলেন, বিএনপি সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত সমাজ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ। “আমরা শাসক হতে চাই না, জনগণের সেবক হতে চাই”—এমন মন্তব্যও করেন তিনি, যোগ করেন যে কথার সঙ্গে কাজের সামঞ্জস্য রেখেই দল এগোতে চায়।
এ সময় তিনি পূর্ববর্তী সরকারের সমালোচনা করে বলেন, তাদের সময় দুর্নীতি, অন্যায় ও বিরোধীদল দমনের মাধ্যমে দেশকে সংকটের দিকে ঠেলে দেওয়া হয়েছিল। বর্তমান পরিস্থিতিতে সেই অবস্থা থেকে দেশকে পুনর্গঠনের চেষ্টা চলছে বলেও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার। উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল ইসলাম, নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুনসহ প্রশাসনের কর্মকর্তারা ও স্থানীয় রাজনৈতিক নেতারা।
৫৭