সিরাজগঞ্জের কামারখন্দ ও এনায়েতপুরে পৃথক অগ্নিকাণ্ডে বড় ধরনের আর্থিক ক্ষতির ঘটনা ঘটেছে। কামারখন্দে একটি গোয়ালঘরে আগুন লেগে পাঁচটি গরু পুড়ে মারা গেছে। অন্যদিকে এনায়েতপুরে ভোরে একটি ডিজিটাল শাড়ি প্রিন্ট কারখানা আগুনে পুড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয়দের মতে, সোমবার (৮ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে কামারখন্দ উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের রসুলপুর মাঠপাড়ায় কৃষক আব্দুর রাজ্জাক ও তার ভাই আসাদুজ্জামানের গোয়ালঘরে হঠাৎ আগুন দেখা দেয়। আগুনে তিনটি গর্ভবতী গাভী, একটি ষাড় ও একটি বাছুর মারা যায়। আরও দুটি গরু আঘাতপ্রাপ্ত হয়েছে। কৃষক রাজ্জাক জানান, “আমার সব মিলিয়ে ১২–১৪ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে।”
খবর পেয়ে কামারখন্দ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪৫ মিনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার ফাইটার হাসান আলী বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ধারণা।
এর একদিন পর, মঙ্গলবার (৯ ডিসেম্বর) ভোরে এনায়েতপুর থানার গোপালপুর গাবতলা এলাকায় সেরাজুল ও বাবু মল্লিকের মালিকানাধীন বিসমিল্লাহ ডিজিটাল শাড়ি প্রিন্ট কারখানায় আরও একটি অগ্নিকাণ্ড ঘটে। ফজরের নামাজের পরপরই স্থানীয়রা কারখানায় আগুন দেখতে পান। দ্রুত ছড়িয়ে পড়া আগুনে বিপুল পরিমাণ কাপড়, চারটি প্রিন্ট মেশিন, কম্পিউটার ও আসবাবপত্র পুড়ে যায়।
বেলকুচি ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। স্টেশন ইনচার্জ শহিদুর রহমান জানান, ঘটনাটিও সম্ভবত বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।